সিটি এনএ পেল সেরা ডিজিটাল ব্যাংকের স্বীকৃতি

১৩ অক্টোবর, ২০২০ ১৬:১৪  
সিটিব্যাংক এনএ বাংলাদেশকে অন্যতম সেরা ডিজিটাল ব্যাংকের স্বীকৃতি দিয়েছে নিউইয়র্ক-ভিত্তিক আর্থিক সাময়িকী গ্লোবাল ফাইন্যান্স। বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠান সিটির ১৬টি দেশের অপারেশন এবার সেরা করপোরেট ডিজিটাল ব্যাংক পুরস্কার পেয়েছে। এ নিয়ে টানা ১৩ বার গ্লোবাল ফাইন্যান্সের এ অ্যাওয়ার্ড পেয়েছে সিটি। সোমবার সিটিব্যাংক এনএ বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ছাড়া সিটির যেসব দেশের কার্যক্রম এই অ্যাওয়ার্ড পেয়েছে তারা হলো- অস্ট্রেলিয়া, চীন, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, ফিলিপাইন্স, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, তাইওয়ান, থাইল্যান্ড এবং ভিয়েতনাম। ব্যাংকটি আরও কিছু স্বীকৃতি পেয়েছে। এর মধ্যে রয়েছে এশিয়া প্যাসিফিকের সেরা অনলাইন ক্যাশ ব্যবস্থাপনা সেবা, সেরা অনলাইন ট্রেজারি সেবা, সেরা মোবাইল অ্যাডাপ্টিভ সাইট, সেরা মোবাইল ব্যাংকিং অ্যাপ এবং সেরা ওপেন ব্যাংকিং এপিআই। সিটি বাংলাদেশের কান্ট্রি অফিসার এন রাজাশেকারান বলেন, 'অগ্রসরমান ডিজিটাল প্রযুক্তি আমাদের অর্থনীতির চালিকাশক্তি। সিটির ডিজিটাল সমাধানগুলো গ্রাহকদের নিয়মিত সহায়তা করছে এবং করোনার সময়েও ভবিষ্যতের উপযোগী ব্যবসায়িক মডেল তৈরি করছে। টানা ১৩ বছর ডিজিটাল নেতৃত্বের স্বীকৃতি পাওয়ায় আমরা গর্বিত।'